[email protected] মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজার মণ্ডপ দেখতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ ৮:১৭ পিএম

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে তিন জেলার পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। এ সময় পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের খোঁজখবর নেবেন সরকারপ্রধান।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে রংপুর দিয়ে প্রধানমন্ত্রীর সফর শুরু হবে। এরপর পর্যায়ক্রমে রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।


আতিকুর রহমান রুমন জানান, ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে কর্মসূচি শেষ করে ওই রাতেই রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানী এলাকার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।


উল্লেখ্য, মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদযাপিত হবে। পরদিন বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এসআর

সম্পর্কিত খবর