দেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপনকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যখন সংঘাত, সহিংসতা ও বিদ্বেষের পরিবেশ বিরাজ করছে, তখন বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারছেন। এটি দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন।
এর আগে রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরেন এবং বলেন, দেশের এই ঐক্য ও সম্প্রীতি রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এ উৎসব ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা বহন করে। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
রমনা কালী মন্দিরের ইতিহাস প্রসঙ্গে রাষ্ট্রপতি ১৯৭১ ও ১৯৭৩ সালে মন্দিরটি ধ্বংসের ঘটনার কথা উল্লেখ করেন। পরে ২০০১ সালে মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় বলে তিনি জানান। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়। এসব অপপ্রচার মোকাবিলা করে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অর্পনা রায় দাস, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান।
রাষ্ট্রপতি দুর্গাপূজার সার্বিক সাফল্য কামনা করেন এবং অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া ব্যক্তিদের ধন্যবাদ জানান।
এসআর