দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে
মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী দুই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার বার্তা তুলে ধরে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম ২৪ ঘণ্টা: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পরবর্তী ২৪ ঘণ্টা (শনিবার সন্ধ্যা ৬টা থেকে): খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া পরিস্থিতি ও তাপমাত্রা
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বৃষ্টিপাত: বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে।
সর্বোচ্চ তাপমাত্রা: ফরিদপুরে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এসআর