[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

আইএমএফের ঋণ পেতে শর্ত মানতে হবে, জানালেন অর্থমন্ত্রী

সাইদুর রহমান

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ১:৪৭ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন ঋণ সহায়তা পেতে হলে সংস্থাটির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তবে কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। কর্মসূচির আওতায় কী কী শর্ত থাকবে এবং সেগুলো বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে।

এসব বিষয়ে বাংলাদেশেরও নিজস্ব মূল্যায়ন আছে এবং বেশ কয়েকটি ক্ষেত্রে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে। অবশিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

অর্থনৈতিক সংস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের প্রশ্নের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন খাতের সমস্যা ও পর্যবেক্ষণ নিয়ে দুই পক্ষের আলোচনা হচ্ছে।

অনেক বিষয়ে অগ্রগতি অর্জিত হয়েছে, আর বাকি বিষয়গুলো নিয়ে কাজ অব্যাহত রয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, বাজেট-পরবর্তী অর্থনৈতিক অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বৈশ্বিক নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে।

এসআর

সম্পর্কিত খবর