[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

দুধে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ১১:১৭ এএম

সংগৃহীত ছবি

শিশুখাদ্য হিসেবে ব্যবহৃত দুধে ভেজাল মেশানোকে একটি জঘন্য অপরাধ ও জনস্বাস্থ্যের

 জন্য চরম হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ধরনের অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

​বুধবার ভেজাল দুধ প্রতিরোধে পাবনা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। খামারি, দুগ্ধ উৎপাদক, সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা এতে অংশ নেন।

​মন্ত্রী বলেন, দেশে দুগ্ধ উৎপাদনে পাবনা জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় দুগ্ধ খাতে ভেজালের খবরে উদ্বেগ তৈরি হয়েছে। সামান্য কিছু অসৎ মানুষের কারণে একদিকে যেমন সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে এই অঞ্চলের ঐতিহ্যবাহী দুগ্ধশিল্পের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

​ভেজাল রোধে কোনো ধরনের শিথিলতা না দেখানোর আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্থানীয় জেলা প্রশাসনকে মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিরাপদ দুধ নিশ্চিত করতে খামারি, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার অনুরোধ জানান তিনি।

​সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান দুগ্ধ খাতের মান নিয়ন্ত্রণে পাবনার চিলিং সেন্টারগুলোতে কর্মরত কর্মচারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থার আশ্বাস দেন।

​অন্যদিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম জানান, চাটমোহর ও আটঘরিয়া উপজেলার প্রাণ গ্রুপ ও ফারুক চিলিং সেন্টার পরিদর্শনের সময় প্রাণ গ্রুপের গুণগত মান যাচাইয়ে ব্যর্থ হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের দুধ ফেরত দেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নিতে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর