[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

নভেম্বরের তৃতীয় সপ্তাহে বাড়তে পারে শীতের অনুভূতি, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ১০:০৩ পিএম

সংগৃহীত ছবি

দেশে ধীরে ধীরে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আবহাওয়ায় শীতলতার আভাস মিলছে।

রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করেছে। তবে সারাদেশে শীতের প্রভাব স্পষ্ট হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের তথ্য অনুযায়ী, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকা ও দেশের অধিকাংশ অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের প্রভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সাম্প্রতিক কয়েক বছরের আবহাওয়ার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তিনি জানান, ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। জানুয়ারিতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করতে পারে। এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।

 

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শীতকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (১৪ অক্টোবর) তা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

অন্যদিকে, মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলেও ঘনবসতি ও নগরায়ণের প্রভাবে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর