বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল বা এমআরও (MRO) খাত
গড়ে তুলতে প্রবল আগ্রহ প্রকাশ করেছে ইতালি। বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এই আগ্রহের কথা জানান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে ঢাকা-রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে এবং ইতালীয় সরকার এই ফ্লাইটের সংখ্যা আরও বাড়াতে আগ্রহী। জবাবে মন্ত্রী জানান, ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা মাথায় রেখে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পর ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে।
বৈঠকে ইতালির পক্ষ থেকে দেশটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যেমন— এজ কোম্পানি, এয়ারটেক এসপিএ ও জিলারডোনির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়।
এছাড়া কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বিদেশি পর্যটকদের যাতায়াত আরও সহজ করা এবং তাদের উন্নত নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এসআর