[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

বেতন ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, বিমানবন্দর সড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৪:৪০ পিএম

সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

তাঁদের সড়ক অবরোধের কারণে বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

 

সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক আজমপুর ও বিমানবন্দরসংলগ্ন সড়কে অবস্থান নেন। একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।

 

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবেল হক জানান, সকালে শ্রমিকেরা আজমপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে তাঁরা বিমানবন্দর এলাকার দিকে চলে গেলে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

ট্রাফিক বিভাগের উপকমিশনার শাহজাহান হোসেন জানান, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন।

 

এদিকে শ্রমিকদের অবরোধের বিষয়ে উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা একযোগে সড়কে নামায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

শ্রমিকদের আন্দোলনের কারণে অফিসগামী মানুষ, কর্মজীবী ও অন্যান্য যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর