[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ১২:০৩ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।

এতে মোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রীর ভ্রমণসূচি অনিশ্চিত হয়ে পড়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।

 

বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বেবিচকের হিসাব অনুযায়ী, সরাসরি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট। সব মিলিয়ে এই চারটি এয়ারলাইনসের ৩৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

 

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে। এসব এয়ারলাইনসের মোট ৫০টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।

 

ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় অনেকের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। একই সঙ্গে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা এবং নতুন করে যাত্রার সময় নির্ধারণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৮৬টি ফ্লাইট বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

এসআর

সম্পর্কিত খবর