[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস, আগ্রহ মুক্ত বাণিজ্যেও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৮:১২ পিএম

সংগৃহীত ছবি

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি সহায়তা এবং বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস।

পাশাপাশি পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীশাসন, ভূমি পুনরুদ্ধার ও কৃষি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্ত শুর্তসমা। বৈঠকের বিষয়গুলো সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

 

তিনি জানান, আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা, আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা সংকট গুরুত্ব পায়। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি ভূমি পুনরুদ্ধারের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ দেখিয়েছে নেদারল্যান্ডস।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস—দুই দেশই বদ্বীপ অঞ্চল হওয়ায় পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।

 

বৈঠকে নদী ব্যবস্থাপনা, চর উন্নয়ন, ভূমি পুনরুদ্ধার এবং কৃষি খাতে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। মুক্ত বাণিজ্য এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

 

এ সময় বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি এবং সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান নেদারল্যান্ডসের মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনার প্রশংসা করেন তিনি।

 

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশ জানায়, এর স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

গণতন্ত্র সুসংহত করা ও মানবাধিকার সুরক্ষার বিষয়টিও বৈঠকে উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, মানবাধিকার রক্ষায় তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন তিনি।

 

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের মন্ত্রী প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান।

 

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর