ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় এ রোগ প্রতিরোধের উপায় তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় তারেক রহমান বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সামনের কয়েক মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ সময় সরকারি বিভিন্ন সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রতিরোধমূলক কার্যক্রম চালাতে হবে। আক্রান্তের সংখ্যা বেশি—এমন এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার ওপরও জোর দেন তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি বলে সভায় গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শুক্রবারের জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে জানাতে বলা হয়েছে।
সভায় সরকারি আবাসিক ভবন ও হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
এসআর