[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে নতুন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ১২:৩৭ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে

 বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার করা হয়েছে। শেরেবাংলা নগরের সাবেক আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে নতুন কমপ্লেক্স নির্মাণের উদ্দেশ্যে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। একই সাথে বর্তমান সচিবালয় চত্বরে পুরান ঢাকার নিম্ন আদালতগুলো স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। সব প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বরে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

​গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের নকশা প্রধানমন্ত্রী দেখেছেন এবং বেশ কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। নকশা অনুযায়ী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে প্রকল্পের লে-আউট এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে।

​প্রস্তাবিত এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

​জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের পর অনুমোদন মিললেই চলতি বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নিজে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে তিন বছরের মধ্যে কয়েকটি মন্ত্রণালয় স্থানান্তর করা সম্ভব হলেও পুরো কমপ্লেক্সের পূর্ণাঙ্গ নির্মাণ শেষ হতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।

এসআর

সম্পর্কিত খবর