স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি এবং সার্বিক দিক নির্ধারণ
করতে একটি গুরুত্বপূর্ণ ‘কমিশন বৈঠকে’ বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সভা শুরু হয়।
নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ১৩তম কমিশন সভায় অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, বর্তমান সভার প্রধান আলোচ্যসূচির মধ্যে রয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন এবং দেশব্যাপী ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময় নির্ধারণ। এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক গতিশীলতা বাড়াতে কর্মকর্তাদের ক্ষমতা অর্পণ ও বণ্টন নিয়ে বৈঠকে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
পাশাপাশি ইসির পার্সোনালাইজেশন সেন্টারে এনআইডি কার্ড প্রিন্টিং ও ব্যবস্থাপনায় ব্যবহৃত মেশিনগুলোর হালনাগাদ অবস্থা, সঠিক রক্ষণাবেক্ষণ, পেন্ডিং থাকা কার্ডগুলোর মুদ্রণ কাজ দ্রুত শেষ করা, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত দেওয়া হবে এই সভায়। একই সঙ্গে ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া প্রস্তাব অনুমোদন ও এ সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এসআর