শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা–কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বিরতি থাকবে না। ঢাকা–খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা–বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবরের বিরতি বাতিল করা হয়েছে। এ ছাড়া ঢাকা–রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং একই রুটের মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বিরতিও বাতিল করা হয়েছে।
পূজার সময় ট্রেনের সময়সূচি ঠিক রাখা এবং যাত্রাপথে বিলম্ব কমাতে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তাদের নজরদারি বাড়ানো হবে। যাত্রীচাহিদা অনুযায়ী ইঞ্জিন সরবরাহের পাশাপাশি রেললাইন, সেতু, সিগন্যাল ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের বিশেষ রক্ষণাবেক্ষণ করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী ট্রেনও প্রস্তুত রাখা হবে।
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ কাজে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দায়িত্ব পালন করবে।
কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। পাশাপাশি চলন্ত ট্রেন, রেলস্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে।
দুর্গাপূজার পরিবহন ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও দপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
পূজার ছুটিতে যাত্রীদের চাপ বিবেচনায় ট্রেন পরিচালনা, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
এসআর