[email protected] সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে শুরু পারমাণবিক বিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ৬:৫২ পিএম

সংগৃহীত ছবি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, রোববার দুপুর ৩টা ৩৪ মিনিটে প্রথম ইউনিটের চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। বর্তমানে কেন্দ্রের বিভিন্ন পরিচালন সূচক নির্ধারিত মাত্রার মধ্যে রয়েছে। বিকিরণের মাত্রা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানান তিনি।

 

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

 

কেন্দ্রটির প্রথম ইউনিটে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ প্রযুক্তির পারমাণবিক চুল্লি। এই প্রযুক্তিতে উন্নত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

 

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ চলছে।

 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় প্রকল্পটির বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। প্রথম ইউনিটের ‘বি-ওয়ান’ পর্যায়ের কাজ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষাসংক্রান্ত জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে। এখন পরবর্তী ‘বি-টু’ পর্যায়ে চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে।

 

এরপর শুরু হওয়া ক্রিটিক্যালিটি পর্যায়ে চুল্লির ভেতরে স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক চেইন বিক্রিয়া প্রতিষ্ঠা করা হয়। এ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপাদনের সক্ষমতা তৈরি হয়।

 

পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন ধাপের পরীক্ষা ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পর্যায়ে পৌঁছানোর পর জাতীয় সঞ্চালনব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর