দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা বিদ্যমান রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেবার মান আরও
বৃদ্ধি করা গেলে চিকিৎসার উদ্দেশ্যে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে।
রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে তারা সাধারণ মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে পারেন।
বৈঠকে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, বর্তমানে দেশেই লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে। তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অসচেতন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে হেপাটাইটিস-বি আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে।
এ সময় অধ্যাপক শাহিনুল আলম আসন্ন 'এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার' (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের লিভার বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এসআর