[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

সরকারি অফিসে দিবস পালন নিয়ে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬ ৪:১৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালনের নিয়মে পরিবর্তন এনে নতুন পরিপত্র প্রকাশ করেছে সরকার।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ নির্দেশনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি রাখার কথা জানানো হয়েছে।

 

পরিপত্রে বলা হয়েছে, গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন বিষয়ে জারি করা আগের নির্দেশনাটি বাতিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া অন্যান্য দিবস পালনে ব্যয় ও আনুষ্ঠানিকতা সীমিত রাখতে হবে।

 

নির্দেশনায় দিবস উপলক্ষে অতিরিক্ত সাজসজ্জা ও বড় পরিসরের সাংস্কৃতিক আয়োজন যথাসম্ভব এড়িয়ে চলার কথা বলা হয়েছে। রেডিও-টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা না করার নির্দেশনা রয়েছে।

 

কোনো সপ্তাহ উদযাপনের কর্মসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে শেষ করতে হবে। দিবস পালনের কারণে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজে যেন বিঘ্ন না ঘটে, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পর আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

 

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, অর্থ বা উপকরণ ব্যয় ছাড়াই আয়োজন করা সম্ভব—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিন কিংবা কর্মদিবসে করা যাবে। দিবস পালনের জন্য জেলা বা রাজধানীর বাইরের দপ্তর থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।

 

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস একত্রে পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে অগ্রাধিকার দিয়ে একই তারিখে কর্মসূচি আয়োজন করতে হবে। প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে পারবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।

 

নতুন পরিপত্রের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে সরকার।

এসআর

সম্পর্কিত খবর