চট্টগ্রামে আশঙ্কাজনকভাবে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বাড়লেও মশক নিধনে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যকর ও দৃশ্যমান কোনো ভূমিকা নেই বলে অভিযোগ উঠেছে। চসিকের এই ব্যর্থতার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ফুটপাতে মশারি টাঙিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি ও গণশুনানি পালন করেছেন একদল তরুণী।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে হাশমিরা হায়দার চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ সময় আন্দোলনকারীরা ‘মশা বড় নাকি মেয়র বড়?’ স্লোগান দিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে হাশমিরা হায়দার চৌধুরী এবং অন্যান্য বক্তারা বলেন, শুধু প্রচার-প্রচারণা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং চসিকের নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের যে অভিযোগ রয়েছে, তার সঠিক তদন্ত প্রয়োজন। একই সাথে কর্মসূচি প্রাঙ্গণে আয়োজিত উন্মুক্ত গণশুনানিতে অংশ নিয়ে সাধারণ পথচারী ও নগরবাসীরাও মশক নিধন কার্যক্রমের ধীরগতি ও নগর কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এসআর