বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের জরুরি অবতরণকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় ৪০ মিনিট বন্ধ রাখা হয়।
বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল ৩টার দিকে রানওয়ে বন্ধ করে দেওয়া হলে অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইটকে আকাশে অপেক্ষা করতে হয়। এর মধ্যে নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও ছিল। রানওয়ে চালুর পর সেটিই প্রথম অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে অন্য ফ্লাইটগুলোও অবতরণ শুরু করে।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণের পরিস্থিতিতে পড়ে। ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটি কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইট পরিচালনা করছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে যাত্রা শুরু করে। দুপুর আড়াইটার দিকে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে কিছুক্ষণ চক্কর দেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এক বার্তায় জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী সংশ্লিষ্ট একটি ফ্লাইট শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে বিলম্ব হয়েছিল। তবে উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে পৌঁছেছেন।
জরুরি অবতরণের ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হলেও পরে রানওয়ে চালু হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।
এসআর