[email protected] বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩

জুলাই জাদুঘরের পেছনে বিস্ফোরক উদ্ধার, মাঠ ঘিরে রেখেছে এসআরবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮:০২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই জাদুঘরের পেছনে অবস্থিত সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর এলাকাটি ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান শুরু করে এসআরবি। অভিযান চলাকালে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাঠটিতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

 

এদিকে নিরাপত্তার কারণে পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।

 

উদ্ধার হওয়া ককটেল ও পেট্রোল বোমাগুলো সেখানে কীভাবে রাখা হয়েছিল কিংবা এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তল্লাশি ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

ঘটনাস্থলে থাকা এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ বলেন, তাদের দল সেখানে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগের ভেতর বেশ কয়েকটি বোমা পাওয়া গেছে। আরও কোনো বিস্ফোরক আশপাশে রয়েছে কি না, তা নিশ্চিত করতে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর