জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল।
সফরকালে জাতিসংঘে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানবিক সংকট ও টেকসই উন্নয়নসহ বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের 'ইকে-৫৮২' ফ্লাইটটি দুবাই সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
ইউএনজিএর ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো সাধারণ বিতর্কে বক্তব্য প্রদান এবং বেশ কয়েকটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সংলাপে অংশ নিয়ে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে অবস্থানকালে তিনি মোট ৩০টি সরকারি কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ঢাকা প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, নিউইয়র্ক সফরকালে ১১টি দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, রোহিঙ্গা সমস্যা, জনস্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পায়।
তিনি আরও উল্লেখ করেন, সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সংশ্লিষ্ট ৮টি সভা, সম্মেলনের পাশাপাশি আয়োজিত ৪টি উচ্চপর্যায়ের ইভেন্ট এবং বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। একই সঙ্গে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সাথেও তিনি আলোচনা করেন।
অন্যদিতে, এ সফরকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ৮টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন এবং এর মধ্যে ৪টি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। তাঁর অংশ নেওয়া উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ছিল ‘জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’, ‘ফার্স্ট স্পাউসেস ডায়ালগ’ এবং মাতৃ-শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।
এসআর