[email protected] শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

এবার লঞ্চের ভাড়া বাড়ল সাড়ে ৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮ এএম

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার নৌপথে যাত্রী পরিবহনের ভাড়াও বাড়িয়েছে সরকার।

দূরত্বভেদে লঞ্চের ভাড়া প্রায় সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই দিন থেকে নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২২ পয়সা বেড়েছে।

এতে এ শ্রেণির ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৭ পয়সা হয়েছে। অর্থাৎ ভাড়া বেড়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ।

অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা থেকে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির হার ৭ দশমিক ৫৪ শতাংশ।

এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন লঞ্চ ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত ভাড়ার তালিকা সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের যাত্রীদের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।

‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর