[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

নতুন পে স্কেলে সুবিধা পাবেন না ১ জুলাই অবসরে যাওয়া যেসব চাকরিজীবী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪:২৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণের কার্যক্রম শুরু হয়েছে ১ জুলাই থেকে।

তবে ওই দিন অবসরে যাওয়া সব কর্মকর্তা-কর্মচারী নতুন বেতনস্কেলের সুবিধা পাবেন না। বিশেষ করে যাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) ৩০ জুন শেষ হয়েছে এবং ১ জুলাই অবসর কার্যকর হয়েছে, তাদের ক্ষেত্রে নতুন স্কেলে বেতন পুনর্নির্ধারণের সুযোগ রাখা হয়নি।

জাতীয় বেতনস্কেল, ২০২৬ নিয়ে জারি করা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় অবসর ও অবসরোত্তর ছুটিতে থাকা চাকরিজীবীদের জন্য আলাদা বিধান উল্লেখ করা হয়েছে।

গেজেটের বিধান অনুযায়ী, কোনো কর্মচারীর অবসরোত্তর ছুটি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হলে ১ জুলাই থেকে তিনি অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন। এ ক্ষেত্রে ১ জুলাই কার্যকর হওয়া নতুন বেতনস্কেল অনুযায়ী তার বেতন নির্ধারণ করা হবে না।

তবে ১ জুলাই যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের ক্ষেত্রে নিয়ম ভিন্ন। পেনশন নির্ধারণের উদ্দেশ্যে তাদের বেতন জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট সমমানের স্কেলে নির্ধারণ করা হবে। অবসরোত্তর ছুটির সময় কারও বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে সেটিও পেনশন নির্ধারণের সময় বিবেচনায় নেওয়া হবে। তবে পিআরএল চলাকালে যে ছুটির বেতন পাওয়া যাবে, তা আগের বেতনস্কেল অনুযায়ী দেওয়া হবে।

১ জুলাই থেকে পুরোনো বেতনস্কেল কার্যকর থাকছে না

গেজেটে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬-এর পর বিদ্যমান পদগুলোর পুরোনো বেতনস্কেল বিলুপ্ত হয়েছে। ১ জুলাই থেকে পুরোনো প্রতিটি স্কেলের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট সমমানের স্কেল কার্যকর হয়েছে।

অর্থাৎ, ৩০ জুন বা তার আগে কোনো কর্মকর্তা-কর্মচারী যে মূল বেতনস্কেল, উচ্চতর গ্রেড বা অন্য কোনো অনুমোদিত স্কেলে বেতন পেতেন, ১ জুলাই থেকে তার বিপরীতে নির্ধারিত নতুন সমমানের স্কেলে বেতন নির্ধারণ করা হবে।

নতুন জাতীয় বেতনস্কেলে মোট ২০টি গ্রেড রয়েছে। গ্রেড-১-এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। গ্রেড-২০-এর বেতন ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদের বেতন ১ লাখ ৭২ হাজার টাকা এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে বেতন পুনর্নির্ধারণ হবে

পুরোনো বেতনস্কেলের শুরু ধাপেই কোনো কর্মচারী বেতন পেলে নতুন সমমানের স্কেলের শুরু ধাপেই তার বেতন নির্ধারণ করা হবে।

আর যদি কারও মূল বেতন পুরোনো স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হয়, তাহলে পুরোনো স্কেলের শুরু ধাপের সঙ্গে তার মূল বেতনের পার্থক্য বের করা হবে। সেই পার্থক্য নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করে নতুন বেতন নির্ধারণ করা হবে।

হিসাবের পর পাওয়া অর্থ নতুন স্কেলের কোনো ধাপের সঙ্গে মিলে গেলে ওই ধাপেই বেতন নির্ধারণ হবে। আর নির্দিষ্ট ধাপ না মিললে তার পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করা হবে।

তবে মন্ত্রিপরিষদ সচিব ও সমমর্যাদার পদের ১ লাখ ৭২ হাজার টাকা, সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের ১ লাখ ৬৪ হাজার টাকা এবং গ্রেড-১-এর ১ লাখ ৫৬ হাজার টাকার ক্ষেত্রে এ পদ্ধতি প্রযোজ্য হবে না।

গেজেটের উদাহরণ অনুযায়ী, পুরোনো স্কেলে কোনো কর্মচারীর মূল বেতন ১৩ হাজার ৭৯০ টাকা হলে এবং সংশ্লিষ্ট স্কেলের প্রারম্ভিক বেতন ১২ হাজার ৫০০ টাকা হলে পার্থক্য দাঁড়ায় ১ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলের প্রারম্ভিক বেতন ২৫ হাজার টাকার সঙ্গে এই পার্থক্য যোগ করলে হয় ২৬ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলে এই ধাপ না থাকায় পরবর্তী ধাপ হিসেবে তার বেতন নির্ধারণ হবে ২৬ হাজার ৩০০ টাকা।

পদোন্নতি ও প্রেষণে থাকা কর্মচারীদের নিয়ম

১ জুলাই কোনো কর্মচারী উচ্চতর বেতনস্কেলের পদে পদোন্নতি পেলে প্রথমে আগের পদে তার বেতন নির্ধারণ করা হবে। এরপর প্রচলিত বিধি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত পদের নতুন বেতন নির্ধারণ করা হবে।

প্রেষণে থাকা কর্মচারীদের ক্ষেত্রে প্রেষণে না থাকলে নিজ দপ্তর বা প্রতিষ্ঠানে যে বেতন পাওয়ার অধিকারী হতেন, সেই হিসাবের ভিত্তিতে নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণ করা হবে।

ছুটিতে থাকলেও হবে বেতন নির্ধারণ

১ জুলাই কোনো কর্মচারী ছুটিতে থাকলে তার বর্তমান বেতন অথবা ওই দিন ছুটিতে না থাকলে যে বেতন পাওয়ার কথা ছিল—তার ভিত্তিতে নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণ করা হবে। তবে নতুন স্কেলের কারণে বাড়তি যে আর্থিক সুবিধা তৈরি হবে, তা ছুটিকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে না।

সাময়িক বরখাস্তদের জন্য পৃথক বিধান

১ জুলাই কোনো কর্মচারী সাময়িক বরখাস্ত অবস্থায় থাকলে তিনি পুনর্বহাল হয়ে কাজে যোগ না দেওয়া পর্যন্ত নতুন বেতনস্কেলে তার বেতন নির্ধারণ করা হবে না।

পরে তিনি পুনর্বহাল হয়ে কাজে যোগ দিলে প্রথমে ৩০ জুন ২০২৬ তারিখে প্রচলিত বেতনস্কেলে তার বেতন কত ছিল, তা নির্ধারণ করা হবে। এরপর সেই বেতনের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট স্কেলে নতুন বেতন নির্ধারণ করা হবে।

সার্বিকভাবে, ১ জুলাই ২০২৬ তারিখে অবসর নেওয়া এবং একই দিনে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য গেজেটে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

৩০ জুন পিআরএল শেষ করে ১ জুলাই অবসর নেওয়া কর্মচারীরা নতুন স্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।

অন্যদিকে, ১ জুলাই যারা পিআরএলে ছিলেন, তাদের ক্ষেত্রে নতুন বেতনস্কেল মূলত পেনশন নির্ধারণের সময় বিবেচনায় নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর