ঢাকাসহ দেশের একাধিক অঞ্চলে আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
অধিদপ্তর। আজ ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর এবং ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যার ফলে ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস (সকাল ৬টায় যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস) এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য (ট্রেস) বৃষ্টিপাত হয়েছে। আজ ঢাকায় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ৪৪ মিনিটে সূর্যোদয় হবে।
এসআর