[email protected] শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯:০০ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ডাকা হয়েছিল। অডিওটির বিষয়ে তদন্ত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিন সদস্যের একটি কমিটিও গঠন করে। কমিটিতে ডিবির একজন এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা ছিলেন।

 

রাকিবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সাবেক এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ডিএমপি সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে অডিওটির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবুল হাসানকে ডিবিতে ডাকা হয়েছিল। পরে গঠিত তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের নামে একটি অডিও ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশ, সরকার ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে নানা ধরনের বক্তব্য শোনা যায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাত, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান এবং পদায়নে অর্থ লেনদেনের অভিযোগসংক্রান্ত কথোপকথনও অডিওটিতে রয়েছে বলে দাবি করা হয়।

 

তবে ওই অডিও নিজের নয় বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন রাকিবুল হাসান। তার বক্তব্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অডিওটি তৈরি করা হয়েছে।

অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি খতিয়ে দেখতে ডিএমপি তদন্ত কমিটি গঠন করে।

 

বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানোর পর রাকিবুল হাসানকে আদালতে নেওয়া হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, তা প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

 

পুলিশের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে রাকিবুল হাসান খুলনা রেঞ্জের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। ৫ আগস্টের পর তাকে ডিএমপিতে বদলি করা হয়। এরপর ভাটারা থানায় দায়িত্ব পালন করেন তিনি।

নির্বাচনের আগে লটারির মাধ্যমে তাকে গুলশান থানায় বদলি করা হয়। পরে চলতি বছরের ৩০ মার্চ গুলশান থানা থেকে ক্যান্টনমেন্ট থানায় ওসি হিসেবে দায়িত্ব পান রাকিবুল হাসান।

এসআর

সম্পর্কিত খবর