জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
তবে মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা আগের মতোই থাকছে।
নতুন ভাড়ার হার কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে। গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া কার্যকর হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক যাত্রার জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসে আসন পুনর্বিন্যাস করা হলে সে অনুযায়ী ভাড়াও আনুপাতিক হারে নির্ধারণ করতে হবে।
এজন্য রুট পারমিট প্রদানকারী কর্তৃপক্ষ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।
যাত্রীদের অবগতির জন্য প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা টানিয়ে রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বিআরটিএ সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
শেষ পর্যন্ত প্রজ্ঞাপনে তিন শ্রেণির বাসের ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
নতুন ভাড়ার হার কার্যকর করার পাশাপাশি ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে।
এসআর