বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তি-৫-এ গভীর নিম্নচাপের সর্বশেষ অবস্থান জানানো হয়।
অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি পশ্চিমমধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সকাল ৬টায় এর কেন্দ্র ছিল ১৮.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
সর্বশেষ অবস্থান অনুযায়ী, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার, পায়রা থেকে ৭৫০ কিলোমিটার এবং মোংলা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।
পূর্বাভাসে বলা হয়েছে, সিস্টেমটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো বাতাস সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
গভীর নিম্নচাপের কেন্দ্রের আশপাশে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। দমকা হাওয়ার সময় এই গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। কেন্দ্রের কাছাকাছি সাগরও উত্তাল রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসআর