জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
হোয়াইট হাউসের উদ্যোগে মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইন নিরাপত্তাসহ শিশুদের ভবিষ্যৎ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের মাধ্যমে শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান।
ওই সম্মেলনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি, প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল প্রয়োগ নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। একই সঙ্গে শিশুদের কল্যাণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিকে নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এসআর