জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জাতিসংঘ প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক। বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়। উভয় দেশের পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতের জন্য নতুন ক্ষেত্র উন্মোচন এবং আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার বিষয়েও দুই নেতা একমত পোষণ করেন।
উদ্বোধনী পর্বে অংশ নেওয়ার পাশাপাশি জাতিসংঘ সফরের অংশ হিসেবে আরও বেশ কয়েকজন বিশ্বনেতা ও সংস্থা প্রধানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমে এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে মিলিত হয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাক্ষাতে তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার জোর দাবি জানান।
এসআর