[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

গজারিয়ার হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫:০২ পিএম

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসার অভাবে কোনো মানুষের মৃত্যু সরকার মেনে নিতে চায় না।

ললবিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যার হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

প্রায় আড়াই ঘণ্টার পরিদর্শনে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাসেবার মান, ওষুধের মজুত ও সরবরাহ, রোগীদের খাবার, চিকিৎসক সংকট এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছে। তাই তাদের প্রতি সরকারের জবাবদিহি ও দায়িত্ব রয়েছে। অতীতের নানা সীমাবদ্ধতার কথা না ভেবে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

 

তিনি জানান, গজারিয়ার ৫০ শয্যার হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। সরকারি হাসপাতালগুলোতে থাকা সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে সাধারণ মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

পরিদর্শনের সময় রোগীদের একটি অভিযোগের বিষয়েও খোঁজ নেন মন্ত্রী। সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ও অন্যান্য সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানোর অভিযোগের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে জানতে চান। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

 

হাসপাতালের সেবার মান বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের চলমান সংস্কার ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। খাতটির অনিয়ম দূর করে চিকিৎসাব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে কিছুটা সময় প্রয়োজন।

 

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সরকারি হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও সুবিধাগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হবে।

 

পরিদর্শনকালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর