[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫২ পিএম

সংগৃহীত ছবি

সরকারি ব্যয় কমানো এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি প্রধানমন্ত্রীর সফরসহ বোয়িং উড়োজাহাজ কেনা, জ্বালানি খাতে লোকসান-ভর্তুকি এবং সরকারের বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

জাহেদ উর রহমান জানান, ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন এবং কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পরদিন ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সফরের আনুষ্ঠানিকতা শেষ করে ২৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফর সংক্ষিপ্ত করার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি রাজনৈতিক অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। তবে সরকারি ব্যয় সাশ্রয় এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী সফরের সময় কমানোর সিদ্ধান্ত নেন।

বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে যা বললেন

বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে এ তথ্য এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। ফলে এ বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকার আনুষ্ঠানিকভাবে যতটুকু তথ্য জানিয়েছে, এর বাইরে এই মুহূর্তে নতুন করে কিছু জানানোর সুযোগ নেই।

জ্বালানি খাতে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত আইএমএফের কোনো শর্ত বা নির্দেশনার কারণে নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর সঙ্গে আইএমএফের নির্দেশনার কোনো সম্পর্ক নেই।

জ্বালানি খাতে সরকারের লোকসানের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, অতীতে শুধু ডিজেল খাতেই প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এ ধরনের বড় লোকসান কীভাবে কমানো যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুতের চাহিদা পূরণে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও দাম সমন্বয় করা হবে কি না—এ বিষয়ে তিনি বলেন, বিশ্ববাজারের জ্বালানি পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। ভবিষ্যতে তেলের দাম আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ভর্তুকির সক্ষমতার বিষয়টিও সরকারকে বিবেচনায় রাখতে হচ্ছে।

‘জনগণকে কষ্টে ফেলে সিদ্ধান্ত নয়’

জ্বালানির দাম বৃদ্ধির কারণে সরকারের জনপ্রিয়তায় প্রভাব পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, জনগণকে কষ্ট বা সংকটের মধ্যে রেখে সরকার কোনো সিদ্ধান্ত নিতে চায় না। তেলের দাম বাড়লে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হবে, এটি স্বাভাবিক। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যও বজায় রাখা প্রয়োজন।

তিনি বলেন, সমাজের সবচেয়ে অসহায় ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পাশে সরকার থাকবে।

জ্বালানি সংকটের সমাধান হলে দেশে বড় পরিসরে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক বৈধতার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আগের সরকারের সময়ে একই ধরনের পরিস্থিতি তৈরি হলে তারা সরকারের পদত্যাগ দাবি করতেন, কারণ তাদের ভাষ্য অনুযায়ী সেটি নির্বাচিত সরকার ছিল না। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, দু-একটি ককটেল বিস্ফোরণ বা সাময়িক আতঙ্ক সৃষ্টি করে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করা সম্ভব নয়।

সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা আরও জানান, জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে সরকার হজযাত্রীদের বিমান ভাড়াও কমিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর