[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩:২১ পিএম

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার গণপরিবহনের ভাড়াও সমন্বয় করা হয়েছে।

দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন নগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়। এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

শেষ পর্যন্ত দুই ধরনের পরিবহনেই ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বড় বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।

একইভাবে মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। নতুন করে ১৭ পয়সা বৃদ্ধির পর এ ভাড়া দাঁড়াবে ২ টাকা ৪০ পয়সা।

তবে যাত্রীদের তুলনামূলক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও নিচে রাখা হয়। এসব বাসে নির্ধারিত ৫২ আসনের বাসের তুলনায় ভাড়া কিছুটা বেশি হয়ে থাকে।

এর পাশাপাশি সংশ্লিষ্ট সেতু ও সড়কের নির্ধারিত টোলও যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হয়।

এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

এবার আরও ১৭ পয়সা ভাড়া বৃদ্ধির ফলে দূরপাল্লা ও নগর পরিবহনে যাত্রীদের আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে।

 

এসআর

সম্পর্কিত খবর