[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে সাইডলাইনে বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ এএম

সংগৃহীত ছবি

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছানোর পর আয়োজিত এক সংবাদ

 সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির জানিয়েছেন, জাতিসংঘে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই সাইডলাইনে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক পরবর্তীতে উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। স্থানীয় সময় সোমবার রাত ৯টায় নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল’ হোটেলের লবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাখ্যা করেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়, বরং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার বহুপক্ষীয় সফর। তবে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং সেটি উপযুক্ত সময়ে একটি আলাদা দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে আয়োজন করা হবে। ফলে এই সফরে জাতিসংঘের কাঠামোর বাইরে অন্য কোনো দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার সুযোগ থাকছে না।

​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী, যেখানে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসআর

সম্পর্কিত খবর