সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের
ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়মের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতেই পুলিশ গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে হেফাজতে নেয়। পরবর্তীতে নিহতের বাবার করা মামলায় আদালত আজ গাজী নজরুলকে চার দিনের এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত জুনে ইসলামী শরীয়াহ অনুযায়ী বিয়ে হওয়ার পর থেকেই মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। মামা ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় এই বিয়ে অনুষ্ঠিত হয় এবং নির্যাতনের বিষয়ে মরিয়ম বিভিন্ন সময় মুঠোফোনে পরিবারকে জানিয়েছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুসাইড নোট উদ্ধার করেছে। উল্লেখ্য, এর আগে জুলাই মাসে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। ইতিপূর্বে সেই ভিডিও ফাঁসের ঘটনার একটি মামলায় ওবায়দুর রহমান বাদী হলেও, এবার তাকেও আত্মহত্যার প্ররোচনা মামলায় আসামি করা হয়েছে।
এসআর