৪ দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্ট মাঠে বসে উপভোগ করেন এবং বাংলাদেশের প্রতিযোগীদের উৎসাহিত করেন।
এছাড়া সফর চলাকালে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিওএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং একাধিক দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। আইএসপিআর জানায়, এই উচ্চপর্যায়ের সফর ও মতবিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি সুসংহত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসআর