[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

রামিসা হত্যার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪:১৯ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যার মামলার মতো দ্রুত সময়ে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আগেই এবং অপর একজনকে রোববার গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, এখন মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলছে। গ্রেপ্তারদের বয়স নিয়েও যাচাই-বাছাই করা হচ্ছে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তারদের সঙ্গে অপ্রতিমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা নিয়মিত একসঙ্গে সময় কাটাত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের কয়েকজন অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।

 

অপ্রতিমের সঙ্গে থাকা মুঠোফোন উদ্ধারের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, হত্যাকাণ্ডের সময় অপ্রতিমের কাছে থাকা আইফোনটি মামলার প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তদন্তের প্রয়োজনীয় বিভিন্ন আলামতও জব্দ করেছে পুলিশ।

 

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধার হয়েছে এবং অভিযুক্তরা ঘটনার কথা স্বীকার করেছে। বর্তমানে পুলিশ অন্যান্য আইনগত প্রক্রিয়ার পাশাপাশি ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়ে কাজ করছে।

 

অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর দ্রুততার সঙ্গে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন আলামত জব্দের পাশাপাশি সেগুলোর ফরেনসিক পরীক্ষাও চলছে। ময়নাতদন্ত শেষে রোববার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে।

 

বিচার দ্রুত শেষ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে স্বল্প সময়ে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছিল, অপ্রতিম হত্যার বিচারও সেভাবে দ্রুত সম্পন্ন করার আশা রয়েছে। তবে বিচারিক সিদ্ধান্ত আদালতের বিষয় এবং সরকার এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

এসআর

সম্পর্কিত খবর