বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বিগত সরকার
গত ১৭ বছরে অনিয়ম, অব্যবস্থাপনা ও ছেলেখেলা করে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করেছে। গতকাল শনিবার সকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে শিক্ষার মান বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া তো হয়ইনি, বরং ক্ষমতাশালী জায়গা থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশকে পিছিয়ে দিতেই পরিকল্পিতভাবে এমন কর্মকাণ্ড চালানো হয়েছে যা জাতির মেরুদণ্ডকে দুর্বল করে দিয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে হলে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন দক্ষতায় সমৃদ্ধ করতে হবে এবং তার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে যুবদল ও ছাত্রদলের স্থানীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসআর