[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫০ পিএম

সংগৃহীত ছবি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন বলে জানা গেছে।

 

ভাষণে সরকারের বিভিন্ন অগ্রাধিকার, চলমান সংস্কার কার্যক্রম, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ‘নতুন বাংলাদেশ’ গঠনের পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে। এর মধ্য দিয়ে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান।

 

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

 

ব্যস্ত সূচিতে নিউইয়র্ক সফর

সোমবার নিউইয়র্কে পৌঁছানোর পর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে তিনি নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সফরের শুরুতে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণের মতো বিষয় আলোচনায় আসতে পারে।

 

নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় প্রজন্ম হিসেবে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে আসছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত।”

 

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠকের প্রস্তুতি রয়েছে। এসব আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতার বিষয় গুরুত্ব পেতে পারে।

 

এসডিজির অগ্রগতি পর্যালোচনা, ডিজিটাল উদ্ভাবন এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে আয়োজিত কয়েকটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও তারেক রহমান অংশ নেবেন বলে জানা গেছে।

 

ভাষণে ‘নতুন বাংলাদেশ’-এর পরিকল্পনা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার তুলে ধরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বরের ভাষণে সরকারের অগ্রাধিকার ও সংস্কার কার্যক্রমের পাশাপাশি ‘নতুন বাংলাদেশ’ নিয়ে সরকারের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরবেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর