[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

র‍্যাবের অধ্যায় শেষ, এসআরবি নামে নতুন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২:৫৫ পিএম

সংগৃহীত ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করছে ইউনিটটি।
বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ জানান, এসআরবি নামে গেজেট প্রকাশের পর র‍্যাবের পরিবর্তে নতুন নাম ব্যবহার করে সব কার্যক্রম শুরু করা হয়েছে।


নতুন পরিচয়ের বিষয়টি বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমেও দৃশ্যমান হয়েছে। সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রসহ বিভিন্ন বিজ্ঞপ্তিতে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হচ্ছে। তবে লোগোর নকশায় আপাতত কোনো পরিবর্তন করা হয়নি।


এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়। পরদিন ১৫ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরের দিন থেকেই নতুন নামে কার্যক্রম শুরু করল ইউনিটটি।


২০০৪ সালের ২৬ মার্চ র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযানে বাহিনীটির ভূমিকা ছিল। একই সঙ্গে সময়ের সঙ্গে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশ-বিদেশে সমালোচনাও হয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীর তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
জুলাই গণঅভ্যুত্থানের পর র‍্যাবের কাঠামো পুনর্গঠন ও বিলুপ্তির দাবি আরও জোরালো হয়।

 

এর ধারাবাহিকতায় সরকার র‍্যাবের পরিবর্তে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি গঠনের উদ্যোগ নেয়। নতুন আইনের আওতায় এসআরবিকে বিশেষায়িত ইউনিট হিসেবে পরিচালনার বিধান রাখা হয়েছে।
ফলে র‍্যাব নামের পুরোনো কাঠামোর পরিবর্তে এখন থেকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ পরিচয়ে ইউনিটটির কার্যক্রম পরিচালিত হবে।

এসআর

সম্পর্কিত খবর