সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করতে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ
নিয়েছে সরকার। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় এসব প্রস্তাব চূড়ান্ত হতে পারে। নতুন নিয়ম চালু হলে মূল পেনশনারের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী আজীবন পেনশন পাবেন। এছাড়া পেনশন পাওয়ার বয়সীমা ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাব রয়েছে।
গ্রাহকদের জন্য বিশেষ প্রয়োজনে জমা অর্থের একটি অংশ ঋণ হিসেবে নেওয়ার সুবিধা চালু করা হতে পারে, যার অর্জিত সুদ গ্রাহকের নিজ হিসাবেই জমা হবে। পাশাপাশি অন্তত পাঁচ বছর চাঁদা দেওয়ার পর কেউ শারীরিক ও আর্থিকভাবে অক্ষম হয়ে পড়লে জমা হওয়া পুরো অর্থ একবারে তুলে নেওয়ার সুযোগ থাকছে।
পেনশনারদের চিকিৎসাসেবা নিশ্চিতে মাসে মাত্র ১০ থেকে ২০ টাকা প্রিমিয়ামে স্বাস্থ্যবীমা চালুর খসড়া পরিকল্পনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও ধর্মীয় দিক বিবেচনায় রেখে একটি শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর বিষয় ভাবছে সরকার। অনুমোদন মিললে আগামী এক থেকে দুই মাসের মধ্যে এসব সুবিধা বাস্তবায়নের আশা করছে কর্তৃপক্ষ।
এসআর