[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

রাজনীতিতে গালিগালাজের প্রবণতা গ্রহণযোগ্য নয়: সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৫ পিএম

সংগৃহীত ছবি

গত দুই বছরে দেশের রাজনৈতিক অঙ্গনে গালিগালাজের প্রবণতা বেড়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ বিষয়টি উঠে আসে।


কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠকে মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার উপস্থিত ছিলেন।


এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।


সংসদীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অতীতের ১৭ বছরের বিভিন্ন গ্লানি কাটিয়ে নতুন উদ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় আসে।


বৈঠকে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও তুলে ধরা হয়।
কমিটির আলোচনায় বলা হয়, গত দুই বছরে রাজনৈতিক পরিসরে গালিগালাজের একটি সংস্কৃতি তৈরি হয়েছে। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে মানুষকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মত দেন বৈঠকে অংশ নেওয়া সদস্যরা।


সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচার ঠেকাতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বৈঠকে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টিও গুরুত্ব পায়। এ সময় জাতীয় প্রেস ক্লাবকে সাংবাদিকদের মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়।


জাতীয় প্রেস ক্লাবের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অডিটরিয়ামকে আরও আধুনিক ও নান্দনিক করার প্রয়োজনীয়তার কথা বলা হয়।


বৈঠকের শেষ পর্যায়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে কমিটির সদস্যদের কাছে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

এসআর

সম্পর্কিত খবর