[email protected] বৃহঃস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে বিশেষায়িত 'ব্লু ইকোনমি' বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:১১ এএম

সংগৃহীত ছবি

কক্সবাজারে বিশেষায়িত 'ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি'

 (UBEST) স্থাপনের প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বোরি) বিদ্যমান অবকাঠামো ও ল্যাবরেটরি ব্যবহার করে এই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হতে যাচ্ছে।

​প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ যথাযথ ব্যবহারের লক্ষ্যে দক্ষ মানবসম্পদ তৈরিতে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটিতে সম্মতি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

​স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রস্তাবে উল্লেখ করা হয়, জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে নতুন কোনো পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রায় ৫ থেকে ৭ বছর সময় লাগে এবং প্রচুর অর্থ ব্যয়ের বিষয় থাকে। সেই জায়গায় রামু-টেকনাফ সড়কসংলগ্ন 'বোরি'-র বর্তমান গবেষণা কেন্দ্র, ল্যাব, বৈজ্ঞানিক জনবল ও তথ্যভাণ্ডার ব্যবহার করেই দ্রুত কার্যক্রম চালু সম্ভব।

​প্রাথমিক পর্যায়ে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সমুদ্রবিজ্ঞান ও সামুদ্রিক তথ্যপ্রযুক্তি, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ ও উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত থাকবে। কক্সবাজারে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এমন একটি বিশেষায়িত সমুদ্র গবেষণা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবরটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এসআর

সম্পর্কিত খবর