দেশের স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৮০টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। এরপর দ্বিতীয় ধাপের ভোট হবে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর। চতুর্থ ধাপের নির্বাচন ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি এবং ষষ্ঠ ধাপের ভোট ২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ২৭ মে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন পরিবর্তন না হলে বর্তমানে কার্যকর আইন অনুসারেই নির্বাচন আয়োজন করা হবে। এ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে কমিশন।
স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠান—ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নির্বাচন আয়োজনের প্রয়োজন রয়েছে। কমিশনের প্রাথমিক পরিকল্পনায় প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রোববার থেকে নিজেদের মধ্যে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন।
এসআর