দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি এবার নিজ দপ্তরে বসেই ডিজিটাল হাজিরার মাধ্যমে পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এ সময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাজিরা তথ্য পরীক্ষা করেন স্বাস্থ্যমন্ত্রী।
পর্যবেক্ষণে কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতির তথ্য তার নজরে আসে। পরে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি।
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারিরও নির্দেশ দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। নিজ এলাকার স্বাস্থ্যকেন্দ্র থেকেই মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে ডিজিটাল হাজিরার মাধ্যমে উপস্থিতি পর্যবেক্ষণ আরও কার্যকর করা হবে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।
এসআর