দেশের শিল্প-কারখানাগুলোতে আবারও আগের অবস্থার মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে আগের পরিস্থিতিতে ফেরার সুযোগ তৈরি হবে।
ফজলুল হক বলেন, ব্যবসায়ীদের জন্য বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং স্বস্তির খবর হচ্ছে, শিল্পে গ্যাস-বিদ্যুতের সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আশ্বাস পাওয়া।
সচিবালয়ের বৈঠকে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ মোট ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
তবে প্রধানমন্ত্রী যে ‘আগের অবস্থায়’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের কথা বলেছেন, তার সুনির্দিষ্ট অর্থ তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়নি। ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলেও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
পরে বিষয়টি নিয়ে ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগস্ট মাসে সংকট তীব্র হওয়ার আগে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের যে পরিস্থিতি ছিল, মূলত সেই অবস্থায় ফিরে যাওয়ার কথাই বোঝানো হয়েছে।
এসআর