[email protected] রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ৩:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ধর্ষণ, নারী নির্যাতনসহ সমাজের সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

সামাজিক নিরাপত্তা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

কর্মসূচিটির সুবিধা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের দায়িত্বের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শুধু পদ-পদবি থাকার কারণেই কেউ সরকারের অংশ হন না; দায়িত্ব পালনের মধ্য দিয়েও সরকারের অংশীদারিত্ব নিশ্চিত করতে হয়।

বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও সরকার পরিচালনায় নারী নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সরকারের কার্যক্রমে মহিলা দলের নেতাকর্মীদেরও অবদান রয়েছে।

দেশে নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, অতীতে নুসরাত, রূপা, খাদিজা, তনু ও মিতুর মতো ঘটনা ঘটেছে।

তার দাবি, বর্তমান সময়ে এ ধরনের ঘটনা আর ঘটছে না এবং সরকারি দলের কোনো নেতাকর্মীও এ ধরনের অপরাধে জড়িত নন।

সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন রিজভী।

তিনি বলেন, নারীর সামাজিক অবস্থান শক্তিশালী করা এবং মানুষের জন্য সুরক্ষার পরিধি বাড়াতে সরকারের নেওয়া কর্মসূচিগুলো সম্পর্কে জনগণকে জানাতে মহিলা দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে।

এসআর

সম্পর্কিত খবর