জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পরিচ্ছন্ন রাখা ও পুনর্গঠনে দেশের ছাত্র ও তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট, ২২ হাজার ডিএনসিসি সদস্য এবং প্রায় ৪ কোটি শিক্ষার্থী রয়েছে। এত বড় একটি জনগোষ্ঠী এক হয়ে কাজ করলে দেশের পরিবর্তন ঠেকানো সম্ভব নয়।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ যেভাবে দেশের পরিবর্তনের সূচনা করে বিশ্বকে অবাক করেছিল, ঠিক সেভাবেই তারা দেশকে পুনর্গঠন করতে পারবে। আগামী তিন মাসে ডেঙ্গু সমস্যা পুরোপুরি দূর করা সম্ভব না হলেও যৌথ প্রচেষ্টায় অন্তত ৮০ ভাগ সমাধান করা সম্ভব। জমে থাকা পানি ও পড়ে থাকা পাত্র থেকে এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে মাত্র ১ ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে এবং অপরকে নিরুৎসাহিত করতে পরামর্শ দিয়ে তিনি বলেন, চারপাশ পরিষ্কার রেখে নিজ, পরিবার ও রাষ্ট্রকে সুস্থ রাখা খুব কঠিন কোনো কাজ নয়।
এসআর