হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালের র্যাম্পে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ দুর্ঘটনার কবলে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ
সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।
দুর্ঘটনায় আহত চারজন হলেন করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ। তাদের চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর পিকআপটি থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় থাকা ফ্লাইওভারে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আহত হন আরও চার সদস্য।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে হতাহতদের সিএমএইচে নেওয়া হয়।
সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসআর