রাজধানীর বাজারে ডাবসহ দেশি-বিদেশি সব ধরনের ফলের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে। তীব্র
গরমের কারণে বিশেষ করে ডাবের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর দামও বেশ চড়া। অন্যান্য ফলের আকাশছোঁয়া দামের কারণে নিত্যদিনের পুষ্টিকর ফল কিনতে গিয়ে সাধারণ ক্রেতাদের বাজেটে অতিরিক্ত চাপ পড়ছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা যায়, আকার ও মানভেদে প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৯০ টাকা দরে। তবে ভালো মানের বড় আকারের ডাব ২২০ টাকা পর্যন্তও হাঁকানো হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি সবুজ আপেল ৪০০ টাকা, নাশপাতি ৩০০ টাকা, মাল্টা ২৮০ টাকা, কমলা ৩৫০ টাকা এবং পাকা পেঁপে ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি ডজন সাগরকলা ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হওয়া এবং পরিবহন খরচের কারণে খুচরা বাজারে দাম বাড়ছে বলে দাবি করছেন বিক্রেতারা। এছাড়া পাইকারিতে কেনা ফলের একটি অংশ নষ্ট থাকার কারণেও খুচরা বিক্রেতারা লোকসান সামলাতে বাড়তি দামে ফল বিক্রি করছেন। এদিকে দাম বাড়তি থাকায় সাধারণ ক্রেতারা কেনাকাটার পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন, যা বিশেষ করে শিশু ও অসুস্থদের জন্য নিয়মিত ফল কেনা পরিবারের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।
এসআর