দেশের প্রচলিত অর্থবছরের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে অর্থবছরের সময়সূচি পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।
বর্তমানে বাংলাদেশে অর্থবছর শুরু হয় ১ জুলাই এবং শেষ হয় পরবর্তী বছরের ৩০ জুন।
সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ মার্চে শেষ হবে অর্থবছর।
মন্ত্রিপরিষদ বিভাগের ব্যাখ্যায় বলা হয়েছে, দেশের উন্নয়ন ও নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বর্ষাকাল নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে।
বিশেষ করে জুলাই ও আগস্টে ভারী বৃষ্টিপাতের কারণে অবকাঠামো নির্মাণকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে চলমান নির্মাণকাজের কারণে জনসাধারণকেও দুর্ভোগে পড়তে হয়।
এ পরিস্থিতি বিবেচনায় বর্ষা মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নির্মাণকাজ শেষ করার সুযোগ তৈরি করতে অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে একবারে নতুন ব্যবস্থায় না গিয়ে ধাপে ধাপে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে সরকার।
এ জন্য ২০২৭-২৮ অর্থবছরকে রূপান্তরকাল হিসেবে নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরটি হবে নয় মাসের। অর্থাৎ ওই অর্থবছর জুলাইয়ে শুরু হয়ে পরবর্তী বছরের মার্চে শেষ হবে।
এরপর ২০২৮ সালের এপ্রিল থেকে নতুন অর্থবছরের কাঠামো কার্যকর হবে।
ফলে ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমা অনুসরণ করে সরকারের বাজেট প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা এবং অন্যান্য আর্থিক কার্যক্রম পরিচালিত হবে।
সরকারের ধারণা, অর্থবছরের এই পরিবর্তনের ফলে বর্ষা মৌসুমের আগেই উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ শেষ করার ক্ষেত্রে আরও কার্যকর পরিকল্পনা করা সম্ভব হবে।
এসআর